ইত্তেফাক রিপোর্ট
দেশের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের নেতৃবৃন্দ বিদেশি টিভি চ্যানেলের বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার বা ক্লিনফিড বাস্তবায়নের জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, উপদেষ্টা চিত্রনায়ক রুবেল, ডিপজল, আনোয়ার সিরাজী, টিভি পেশাজীবী সংগঠনগুলোর সম্মিলিত জোট ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনের (এফটিপিও) সভাপতি মামুনুর রশীদ, ডিরেক্টরস গিল্ড সভাপতি সালাহউদ্দীন লাভলু, যুগ্ম-সম্পাদক পিকলু চৌধুরী, টিভি প্রযোজক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক এজাজ মুন্না এবং প্রেজেন্টার্স প্ল্যাটফরমের সাধারণ সম্পাদক আনজাম মাসুদ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজান-উল-আলম এ সময় উপস্থিত ছিলেন। এফটিপিও নেতৃবৃন্দ এ সময় মন্ত্রীকে তাদের অভিনন্দনপত্রটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
তথ্যমন্ত্রী বলেন, এখন থেকে যে সব চ্যানেল ক্লিনফিড হয়ে আসবে, তারাই শুধু সম্প্রচারের সুযোগ পাবে, বাকিরা পাবে না।’ এদিকে গতকাল তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে বক্তব্য রাখেন। আয়োজক সংগঠনের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া এ সময় বক্তব্য রাখেন। একই দিন তিনি বনানী পূজামণ্ডপে শুভ মহালয়া উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃব্য রাখেন। এ সময় গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি দিলীপ দাস গুপ্ত, সাধারণ সম্পাদক অলক সাহা, সমন্বয়ক সন্তোষ শর্মা প্রমুখ বক্তব্য রাখেন।