বিএফইউজে নির্বাচনের স্থগিতাদেশ স্থগিতে চেম্বার আদালতে আবেদন

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনের ওপর দেওয়া স্থগিতাদেশ স্থগিতের জন্য আবেদন করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদন করা হয়। নির্বাচনে মহাসচিব পদপ্রার্থী দীপ আজাদ এই আবেদন করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী নূরে আলম উজ্জ্বল। তিনি জানান, আগামী সপ্তাহে এ আবেদনের ওপর চেম্বার আদালতে শুনানি হতে পারে।

গত ২৮ সেপ্টেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে বিএফইউজে নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করে দেয়। ভোটার তালিকায় নাম না থাকায় এ রিট করেছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।