মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা মিম হত্যা মামলার প্রধান আসামিসহ দুই আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল ভোরে রাজশাহী জেলার বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. সংগ্রাম মোল্লা ও মো. নিঝুমকে গ্রেফতার করা হয়। হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সংগ্রাম মোল্লা। আর মিম একই ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানার ওসি রইছ উদ্দিনের নেতৃত্বে পুলিশ উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে গতকাল ভোরে চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামিদের গ্রেফতার করে। আসামিরা জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। জানা যায়, গজারিয়ার ইসমানিরচর প্রাথমিক বিদ্যালয় এলাকায় গত ১৫ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েক জন হাতুড়ি দিয়ে পিটিয়ে সাজিদুল ইসলাম মীমকে গুরুতর জখম করে। পরবর্তীকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত ২৩ সেপ্টেম্বর মীমের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা আ. ছাত্তার বাদী হয়ে সংগ্রাম মোল্লাকে প্রধান আসামি করে গজারিয়া থানায় মামলা করেন।