ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ধামরাইয়ের আকসির নগর আবাসিক প্রকল্পকে ঘিরে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ঢাকা-২০ আসনের এমপি বেনজীর আহমদ ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকুর নামে ষড়যন্ত্রমূলক অপপ্রচার এবং মানববন্ধনের প্রতিবাদে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো স্থানীয় প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বেনজীর আহমদ ষড়যন্ত্রমূলক মানববন্ধনের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, যারা এই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক কাজ করেছে তাদের আগামী তিন দিনের মধ্যে বিবৃতি দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরো বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম কবির মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সানোড়ার ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, ইউপি চেয়ারম্যান কালীপদ সরকার প্রমুখ।
এ সময় প্রতিবাদ জানাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইউপি চেয়ারম্যান, শত শত নেতাকর্মী ও সমর্থক প্রেসক্লাব এলাকায় জড়ো হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ করে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।