বাংলাদেশ ভারত সম্পর্কের ৫০ বছর

নয়াদিল্লিতে শিল্পী রোকেয়ার চিত্রপ্রদর্শনীর ক্যাটালগের মোড়ক উন্মোচন ঢাকায়

বাংলাদেশের স্বনামধন্য শিল্পী রোকেয়া সুলতানার একক চিত্রপ্রদর্শনী ভারতের নয়াদিল্লি ললিতকলা একাডেমিতে শুরু হতে যাচ্ছে। আগামী ২৩ অক্টোবর এ প্রদর্শনী নয়াদিল্লিতে শুরু হবে। আর নভেম্বরে একই প্রদর্শনী অনুষ্ঠিত হবে কলকাতায়। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী বছর ঢাকায় বেঙ্গল ফাউন্ডেশনে এই প্রদর্শনীটি আয়োজিত হবে। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস ও বেঙ্গল ফাউন্ডেশন যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে।

গতকাল বুধবার ঢাকায় গুলশানের ইন্ডিয়ান কালচারাল সেন্টারে (সাবেক ইন্ডিয়া হাউজ) নয়াদিল্লিতে অনুষ্ঠেয় প্রদর্শনী উপলক্ষ্যে প্রকাশিত ক্যাটালগের মোড়ক উন্মোচন করা হয়। এতে অতিথি হিসেবে ছিলেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু ও মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

অনুষ্ঠানে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, প্রদর্শনীটি ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আগামীতে এমন আরো আয়োজনের মধ্য দিয়ে দুটি দেশের সম্পর্কের এই মাইলফলককে উদ্যাপন করব।

এই মোড়ক উন্মোচন উপলক্ষ্যে গুলশানের ইন্ডিয়ান কালচারাল সেন্টারে চার দিনব্যাপী প্রদর্শনীর কিছু অংশ দেখানো হবে, যা দর্শকদের জন্য উন্মুক্ত। বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে এ প্রদর্শনী।