শাফিকুল ইসলাম
‘যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে’ এই শ্লোগানকে সামনে রেখে সামাজিক-সাংস্কৃতিক মঞ্চ ‘পদাতিক’ এর আয়োজনে অমর একুশ এবং নির্জনতার কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত আয়োজিত হয় আবৃত্তি উত্সব ২০১৯। ৭ ফেব্রুয়ারি বিকাল চারটা। সবাই যখন ক্লাস, পরীক্ষা, ক্যারিয়ারের পেছেনে ছুটছে। একটু দম ফেলারও ফুরসত পাচ্ছে না, সেখানে আবৃত্তি চর্চার টাইম কোথায়? কিন্তু সেই ধারণাকে বদলে দিয়েছে একদল তরুণ। সূর্য মাথার উপর থেকে পশ্চিম আকাশে ঢলে পরতে শুরু করেছে। গুটি গুটি পায়ে মুক্তমঞ্চের দিকে এগিয়ে আসছে অসংখ্য শ্রোতা। একটু সময়ের মধ্যে চারপাশ স্রোতায় ভরপুর। ভালো থাকুক প্রাণ, ভালো থাকুক প্রকৃতি, ভালো থাকুক মানুষ, ভালো থাকুক মানবতা। সার্বজনীন মঙ্গল কামনায় শুরু হয় আবৃত্তি। শুরুতেই সমবেত কণ্ঠে হুমায়ূন আজাদের ‘ভালো থেকো’ কবিতাটি আবৃত্তি করা হয়। আবৃত্তি উত্সবে বিভিন্ন বিভাগের ১৯ জন শিক্ষার্থীর অংশগ্রহণে একক, দ্বৈত এবং দলগতভাবে অনুষ্ঠিত হয় মনমুগ্ধকর আবৃত্তি। শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক মনন তৈরি, শিক্ষার্থীদেরকে কবিতা পাঠ এবং শোনায় আগ্রহী করে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।