মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে ১-১ গোলে ড্র করে প্রচণ্ড চাপে রয়েছে ভারত। বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের আগে বিকেলে একই মাঠে ভারত তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচে বাজে কিছু হলে ফাইনালের সম্ভাবনা নিয়ে টানাটানি লাগবে। তাই ভারতকে জিততেই হবে।
অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে ড্র হওয়ায় সমালোচনা চলছে। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, এগিয়ে থেকেও জঘন্য ফুটবল খেলেছে। বিপক্ষ ১০ জন হয়ে যাওয়ার পরেও গোল হজম করা। এর ফলে সাফ কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে তিন পয়েন্ট মাঠে ফেলে এসেছে ভারত। আর সেই জন্য ফুটবলারদের ওপর ক্ষোভ উগরে দিলেন ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ।
৭ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে সুনীল ছেত্রীর টিম ইন্ডিয়া। সেই ম্যাচে মাঠে নামার আগে মঙ্গলবার ফুটবলারদের বিশ্রাম দিয়েছিলেন স্টিমাচ। তবে বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট নষ্ট করা মানতে পারছেন না কোচ। একরাশ ক্ষোভ নিয়ে তিনি বলেন, ‘সবকিছু তো আমাদের হাতেই ছিল। আমরাই তো খেলায় কর্তৃত্ব করছিলাম। এক গোলেও এগিয়ে ছিলাম। সবচেয়ে বড় পাওনা ছিল ৫৪ মিনিটে ওরা (বাংলাদেশ) ১০ জন হয়ে গিয়েছিল। তবুও জিততে পারলাম না। এর পরেই তিনি যোগ করেন, কোনো এক অজ্ঞাত কারণে আমরা ম্যাচ থেকে হারিয়ে গেলাম। মিস পাসের খেলা শুরু হয়ে গেলো। বাচ্চা ছেলেদের মতো ভুল করতে লাগল আমাদের ফুটবলাররা। এত ভুল করলে তো বিপক্ষের আত্মবিশ্বাস বাড়বেই। এগুলোতো মেনে নেওয়া যায় না।’
ইত্তেফাক/টিএ