খুলনায় আলোচিত ২২ কোটি টাকার মাদক মামলায় একজনের মৃত্যুদণ্ড

খুলনায় আলোচিত ২২ কোটি ৫০ লাখ টাকার কোকেন মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আমৃত্যু কারাদণ্ডসহ আরও পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট এনামুল হক।

রায়ে আসামি বিকাশচন্দ্র বিশ্বাসকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আসামি সোহেল রানাকে আমৃত্যু কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, ছগিরকে ১৫ বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ জরিমানা,  অনাদায়ে দু বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং বিকাশচন্দ্র মণ্ডল, এরশাদ ও ফজলুর রহমান ফকিরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১১ আগস্ট রাত পৌনে ১০ টার দিকে র‌্যাব-৬ খুলনার একটি দল নগরীর হাদিস পার্কের সামনে অবস্থান নেয়। এ সময় ওই দলটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ময়লাপোতা মোড়ের পাশে একটি চক্র মাদক বিকিকিনি করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করে। একপর্যায়ে সঙ্গীয় ফোর্সের সহায়তায় সোহেল রানা নামের এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হন র‌্যাব কর্মকর্তারা। পালানোর কারণ জানতে চাইলে সোহেল জানায়, তার কাছে কোকেন রয়েছে। র‌্যাব কর্মকর্তারা তার কাছ থেকে ২৩০ গ্রাম কোকেন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য দুই কোটি ৩০ লাখ টাকা।

সোহেলের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নগরীর গগনবাবু রোডের একটি বাড়ি থেকে কোকেন বিক্রির মূল হোতা আরিফুর রহমান ছগিরকে গ্রেফতার করা হয়। ছগিরের দেওয়া তথ্য অনুযায়ী দাকোপ উপজেলায় রাত তিনটার দিকে অভিযান চালিয়ে বিকাশচন্দ্র মণ্ডল ও ফজলুর রহমান ফকিরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী নগরীর টুটপাড়ায় অভিযান চালিয়ে এস এম এরশাদ আলীকে গ্রেফতার করা হয়। এরপর রূপসা উপজেলার রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে বিকাশচন্দ্র বিশ্বাসকে গ্রেফতার করা হলে তিনটি কোকেনের প্যাকেট বের করে দেয় সে। যার মধ্যে দুই কেজি ২০ গ্রাম কোকেন পাওয়া যায়। সব মিলিয়ে সোয়া দুই কেজি কোকেনের মূল্য ২২ কেটি ৫০ লাখ টাকা।

এ ঘটনায় র‌্যাব কর্মকর্তা মো. রবিউল ইসলাম বাদী হয়ে উক্ত ছয়জনের নাম উল্লেখ করে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।

ইত্তেফাক/এএএম