ডকুমেন্টেশন প্রক্রিয়া সম্পর্কে সঠিক জ্ঞান থাকা প্রয়োজন :বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, আমাদের প্রতিযোগী দেশসমূহ প্রতিনিয়ত বাণিজ্য প্রক্রিয়া আরো সহজ করার জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সরকার বিশ্ববাজারে বাংলাদেশকে আরো প্রতিযোগিতা সক্ষম করে তুলতে বাণিজ্য সহজীকরণের কাজ করে যাচ্ছে। দ্রুত ও কার্যকর বাণিজ্যের জন্য আমদানি, রপ্তানি, শুল্ক পদ্ধতি এবং ডকুমেন্টেশন প্রক্রিয়া সম্পর্কে সঠিক জ্ঞান থাকা প্রয়োজন।

গতকাল বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) আয়োজিত রুলস অ্যান্ড প্রসিডিউর ফর ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ও বিএফটিআইয়ের পরিচালক মো. ওবায়দুল আজম স্বাগত বক্তব্য প্রদান করেন।