নাটোরের বড়াইগ্রামে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির গাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকির ঘটনাকে কেন্দ্র করে এমপি ও উপজেলা চেয়ারম্যান সমর্থকরা গতকাল বৃহস্পতিবার পালটাপালটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। পৌরসভার রাজ্জাক মোড় ও বনপাড়া এলাকায় পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়।
গত ৩০ সেপ্টেম্বর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এক সভায় উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এলাকায় এমপির গাড়ি দেখা গেলে তা পুড়িয়ে দেওয়ার জন্য তার কর্মী-সমর্থকদের নির্দেশ দেন। এ ঘটনার প্রতিবাদে এবং উপজেলা চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে উপজেলা ও বড়াইগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার, সম্পাদক মানিক রায়হান, কলেজ ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান শিপন, সম্পাদক নিলয় সরকার নাসিম, ছাত্রলীগ নেতা জাবেদ মাসুদ সোহাগ, জুয়েল রানা, সুমন ও পিয়াস সরকার বক্তব্য রাখেন।