স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলেকে তলব পুলিশের

উত্তর প্রদেশে বিক্ষোভ সমাবেশে কৃষকদের গাড়িচাপা দেওয়ার ঘটনায় সরগরম ভারতের রাজনীতি। বিরোধীদের বিক্ষোভ ও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর এই মামলার অন্যতম অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে উত্তর প্রদেশের পুলিশ। গত সোমবার তার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এদিকে উত্তর প্রদেশের পর হরিয়ানা রাজ্যে কৃষকদের সমাবেশে গাড়ি উঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির এক এমপির বিরুদ্ধে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, লখিমপুর খেরিতে কৃষকদের ওপর গাড়িচাপা ও সহিংসতায় আট জন নিহত হওয়ার ঘটনায় উত্তর প্রদেশ রাজ্য পুলিশ কত জনকে আটক করেছে এবং কী পদক্ষেপ নিয়েছে সেটা জানতে চেয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য সরকারকে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এরপরই মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ। লখনৌ জোনের আইজি লক্ষ্মী সিং বলেন, যত দ্রুত সম্ভব তাকে হাজির হতে বলা হয়েছে। তিনি বলেন, আমরা কাউকে ছাড় দিচ্ছি না। আইন সবার জন্য সমান। এখন পর্যন্ত ১৩ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কৃষকদের অভিযোগ, সহিংসতার সময় গুলি ছুড়ে ছিলেন আশিস মিশ্র। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তে কারো গুলিবিদ্ধ হওয়ার প্রমাণ মেলেনি।

এদিকে গতকাল লখিমপুর খেরি যাওয়ার চেষ্টাকালে পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নভজ্যোত সিং সিধুসহ বেশ কয়েক জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের শাহরানপুরে উত্তর প্রদেশ পুলিশ আটক করে। এর আগে সিধু মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের গ্রেফতারের দাবিতে অনশনে বসার হুমকি দেন। 

উল্লেখ্য, গত রবিবার লখিমপুর খেরিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র এবং রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে সমবেত হয়েছিলেন কৃষকরা। সেখানেই একটি গাড়ির বহর কৃষকদের চাপা দেয়। কৃষকদের দাবি অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র তিনটি গাড়ির একটি চালাচ্ছিলেন। এ ঘটনার পর সহিংসতায় চার জন নিহত হন। প্রতিমন্ত্রী অজয় মিশ্র স্বীকার করেছেন কৃষকদের চাপা দেওয়া গাড়িটি তার ছিল। কিন্তু তিনি কিংবা তার ছেলে সেখানে ছিলেন না।

 অন্যদিকে লখিমপুর খেরির ঘটনার ৯৬ ঘণ্টার মধ্যে পুনরাবৃত্তি হয়েছে হরিয়ানায়। এবার বিজেপি এমপির গাড়ির তলায় চাপা পড়েছেন এক কৃষক। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকালে হরিয়ানার কুরুক্ষেত্রের বিজেপি এমপি নায়াব সাইনি এবং স্থানীয় বিধায়ক সন্দ্বীপ সিং আসছেন শুনে নারাইনগড়ের সাইনি ভবনের কাছে সরকারের কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন কৃষকরা। সেখানে হঠাত্ করেই কৃষকদের মধ্যে ঢুকে পড়ে একটি গাড়ি। গাড়ির তলায় চাপা পড়েন এক কৃষক। আহত কৃষককে উদ্ধার করে আম্বালার কাছে নারাইনগড়ের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কৃষকদের অভিযোগ, যে গাড়ি তাদের চাপা দিয়েছে সেটির মালিক বিজেপি এমপি নায়াব সাইনি। আহত কৃষকের দাবি, ঐ গাড়িতে বসে ছিলেন বিজেপি এমপি। গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে মামলা করার দাবি জানিয়েছেন কৃষকরা। না হলে আগামী ১০ অক্টোবর থানা ঘেরাও করার হুমকি দিয়েছেন তারা।