সাংবাদিক কনক সরওয়ারের বোন প্রতিহিংসার শিকার -------------- ফখরুল

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক কনক সরওয়ারের বোন নুসরাত শাহরিন রাকা সরকারের প্রতিহিংসার শিকার বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কনক সরওয়ার জীবন বাঁচতে পালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন। তার চ্যানেলের মাধ্যমে সেখান থেকে তিনি কিছু সত্য কথা প্রচার করেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে তিনি বিভিন্ন প্রতিবেদন উপস্থাপন করেন। এই কারণেই বর্তমান প্রতিহিংসা পরায়ণ সরকার কনক সরওয়ারের বোনকে গ্রেফতার করেছে। কিন্তু তিনি রাজনীতির সঙ্গে কোনোমতেই জড়িত নন। তিনি একজন গৃহবধূ ও তিন সন্তানের মা। তাকে শুধু গ্রেফতারই করা হয়নি, নির্যাতন করে রিমান্ডেও নিয়েছে। সরকার কতটা ফ্যাসিবাদী হলে এই ধরনের কাজ করা যায়?

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) এর উদ্যোগে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণসভায় এ অভিযোগ করেন তিনি। আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে সভায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত মাহমুদ, সদস্য সচিব ডা. এজেডএম জাহিদ হোসেন, সাংবাদিক নেতা এম আব্দুল্লাহ, আবদাল আহমেদ, শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন। দেশের সব রাজনৈতিক দল, ব্যক্তি, সামাজিক ও পেশাজীবী সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আসুন দ্বিধা-দ্বন্দ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই। ঐক্যের মধ্য দিয়ে দুর্বার গণআন্দোলন সৃষ্টি করি। সেই আন্দোলনের মধ্য দিয়ে এই অবৈধ সরকারকে হটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করি।