শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নরসিংদীর শিবপুর উপজেলার ৭০টি দুর্গামন্দির ও মণ্ডপের পূজা কমিটির কাছে ৭ লাখ টাকা অনুদান প্রদান করেছেন শিবপুরের সাবেক এমপি, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা। শুক্রবার শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগ কার্যালয় প্রাঙ্গণে দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দুধর্মাবলম্বীদের এক সমাবেশে প্রধান অতিথি থেকে তিনি প্রত্যেক মন্দিরের ১০ হাজার টাকা করে মোট ৭০টি মন্দিরের জন্য ৭ লাখ টাকা বিতরণ করেন। এ সময় শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ কে নাসিম আহম্মেদ হিরণ, শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসি ইসলাম, যুবলীগ নেতা মাহাবুব আলম মোল্লা তাজুল, শিবপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী ও সাধারণ সম্পাদক অজয় গোস্বামী প্রমুখ।