বিএনপি নেতাকে নৌকা প্রার্থী করার খবরে যখন তোলপাড় চলছে কুতুবপুরসহ নারায়ণগঞ্জ আওয়ামী লীগে, তখন খোদ কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিএনপির ঐ নেতার পক্ষে মনোনয়নপত্র কিনতে এসে ক্ষোভের আগুনে ঘি ঢাললেন। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা নির্বাচন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিএনপি নেতা মনিরুল আলম সেন্টুর পক্ষে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মনোনয়নপত্র ক্রয় করেন।
এদিকে মনিরুল আলম সেন্টুকে নৌকার প্রার্থী করা হচ্ছে, তার নাম আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়েও পাঠানো হয়েছে এমন খবরে যখন স্থানীয় আওয়ামী লীগসহ জেলা জুড়ে তোলপাড় চলছিল, তখন কুতুবপুর আওয়ামী লীগের সভাপতির এমন কাজে ক্ষুব্ধ দলটির তৃণমূল। তাদের অভিযোগ জসিম উদ্দিন দলের চেয়ে ব্যক্তি স্বার্থকেই বড় করে দেখছেন। এটা দলীয় নেতার কাজ হতে পারে না। সেন্টুকে নৌকার প্রার্থী করার বিষয়টিকে কলঙ্কজনক অধ্যায় এবং নিজেদের লজ্জা বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম । তিনি বলেন, ‘দলীয় সভানেত্রী সব সময় বলেছেন, প্রকৃত ১০০ কর্মীই যথেষ্ট, হাইব্রিড ১ হাজার কর্মীর দরকার নেই। তারপরও তারা কীভাবে এক জন বিএনপি নেতাকে নৌকার প্রার্থী হিসেবে ভাড়া করে নিয়ে আসছে! দলের কি এতটাই করুণ অবস্থা?’