বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে সম্মিলিত নিট ফোরাম

বিকেএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচনে সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট ফোরাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছে। গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত দিনে এ কে এম সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট ফোরামের প্রার্থীরা বিকেএমইএ প্রধান কার্যালয়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিকেএমইএ পরিচালনা পর্ষদে নতুনভাবে সংশোধিত সংঘবিধি অনুসারে উক্ত ফোরাম থেকে ৩৫টি পদের বিপরীতে শুধু ৩৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী সেলিম ওসমান নেতৃত্বাধীন সম্মিলিত নিট ফোরামের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন।

প্রসঙ্গত, গত ৩ ও ৪ অক্টোবর ছিল নির্বাচনে মনোনয়ন সংগ্রহের নির্ধারিত সময়। ৩ অক্টোবর কোনো প্রার্থীই তাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেনি। ৪ অক্টোবর এ কে এম সেলিম ওসমানের নেতৃত্বে সম্মিলিত নিট ফোরাম থেকে ৩৫টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। উল্লেখিত ফোরামের ৩৫ নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন এ কে এম সেলিম ওসমান, এমপি, মঞ্জুরুল হক, মোহাম্মদ হাতেম, আবু আহমেদ সিদ্দিক, মনসুর আহমেদ, অমল পোদ্দার, মোস্তফা জামাল পাশা, গাওহার সিরাজ জামিল, ফজলে শামীম এহসান, মোরশেদ সারোয়ার সোহেল, মো. শামসুজ্জামান, আক্কাস উদ্দিন মোল্লা, আশিকুর রহমান, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, সাহাদাত হোসেন ভূঁইয়া, খন্দকার সাইফুল ইসলাম, তারেক আফজাল, রাজিব দাস সুজয়, এম আই সিদ্দিক, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, কবীর হোসেন, মির্জা আকবর আলী চৌধুরী, আহমেদ নূর ফয়সাল, আক্তার হোসেন অপূর্ব, আব্দুল হান্নান, শ্যামল কুমার সাহা, ইমরান কাদের তুর্য, মোহাম্মদ শামসুল আজম, গাজী শহীদউল্লাহ, আসাদুল ইসলাম, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, লুতফর রহমান ও হারুন অর রশিদ।