লাদাখ, উত্তরাখণ্ডের পর এবার অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডে ঢুকল চীনের সেনা। গত সপ্তাহে তারা অরুণাচলের তাওয়াংয়ের কাছে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) পেরিয়ে ভারতে ঢুকে পড়ে। প্রায় ২০০ চীনা সেনা ঢুকেছিল বলে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের খবর। চীনের সেনারা একটি বাঙ্কার ভাঙার চেষ্টায় ছিল। খবর ডয়চেভেলের
ভারতীয় সেনারা দ্রুত সেখানে যায়। কয়েকজন চীনা সেনাকে তারা ধরে ফেলে। এরপর ওখানে দুই দেশের সেনা কর্মকর্তারা বৈঠক করেন। সমস্যা মেটে। দুই দেশের সেনাই তাদের আগের অবস্থানে ফিরে গেছে। কিন্তু কয়েক ঘণ্টা ধরে ভারতীয় ও চীনা সেনারা সেখানে মুখোমুখি ছিল। কিঞ্চিত শারীরিক বলপ্রয়োগও হয়। তবে কোনো পক্ষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কেউ গুরুতর আহত হননি বা মারা যাননি।
বারবার অনুপ্রবেশের অভিযোগ
গত বছর ৫ মে লাদাখে দুই দেশের সেনাদের মধ্যে প্রবল সংঘর্ষ হয়। ভারতের অভিযোগ ছিল, চীনের সেনারা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে ও এলাকা দখল করে। আর চীন অভিযোগ করেছিল, ভারতীয় সেনারা তাদের ভূখণ্ডে ঢুকে পড়েছে। ভারতের বেশ কিছু সেনার প্রাণ যায়। চীনের সেনাও মারা যায়। লাদাখের উত্তেজনা দীর্ঘদিন ধরে চলে। তারপর ছোটখাট সীমান্ত পার হওয়ার ঘটনা চলছেই। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, গত ৩০ আগস্ট নন্দাদেবীর উত্তরে বারহোতি অঞ্চলে চীনের ১০০ সেনা ভারতীয় সীমানার পাঁচ কিলোমিটার ভেতরে ঢুকে যায়। যেহেতু ভারত-চীন সীমান্তের ক্ষেত্রে বহু জায়গায় অস্পষ্টতা আছে, তাই ছোটখাট দল টহল দেওয়ার সময় মাঝেমধ্যে একে অপরের এলাকায় ঢুকে পড়ে। কিন্তু ১০০ সেনার ঢুকে পড়াটা ছিল ব্যতিক্রমী। তারপর এবার অরুণাচলের বুম লা ও ইয়ংসে এলাকায় এই ঘটনা ঘটল।