এভিয়েশন ম্যানেজমেন্টে ক্যারিয়ার

যুগের সঙ্গে তাল মেলাতে নিত্যনতুন বিষয় যোগ হচ্ছে শিক্ষাব্যবস্থায়। শিক্ষার্থীদের সামনে পেশাজীবনে খুলছে সম্ভাবনার নতুন দ্বার। এর মধ্যে অন্যতম হলো বিবিএ (অনার্স) ইন এভিয়েশন ম্যানেজমেন্ট।’

ছেলেবেলায় সবাই যখন পুতুল খেলতে ব্যস্ত তখন নন্দিতা বানাতো উড়োজাহাজ। ঢাকার মেয়ে নন্দিতা মনে স্বপ্ন বুনেছিল একদিন এয়ারপোর্টে কাজ করবে। ভিকারুননিসা থেকে এইচএসসিতে বিজনেস স্টাডিস বিভাগে জিপিএ পাঁচ পেয়ে পাস করার পর তিনি কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে এভিয়েশন ম্যানেজমেন্ট বিষয়ে ভর্তি হন। প্রশিক্ষণ শেষে বর্তমানে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্যাসেঞ্জার সার্ভিস অফিসার হিসেবে কাজ করছেন। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে এভিয়েশন সেক্টরে দিন দিন ক্যারিয়ার প্রসারিত হচ্ছে বলে তিনি মনে করেন। 

বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট হলো বিমানবন্দর, এয়ারলাইন্স, এভিয়েশন হসপিটালিটি, বিমান ব্যবস্থাপনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত চার বছরের অনার্স কোর্স। এখানে আট সেমিস্টার পড়াশোনা সম্পন্ন করে আপনি বিমানবন্দর অ্যাডমিনিস্ট্রেশন, অপারেশন, এয়ারলাইন্স মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এয়ার হোস্টেস, বিমানবন্দরে যাত্রী সেবা, ই-কমার্স, বিমানবন্দরে কাস্টমস, ই-টিকিটিংসহ, জিডিএস প্রোগ্রামে বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে কাজ করতে পারবেন।

এখানে বিবিএর ৬০ ক্রেডিট পড়ানো হয় যা আপনাকে ব্যাংক, মোবাইল অপারেটর কোম্পানি, বীমা, বিক্রয় ও বিপণন, বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে সব ধরনের চাকরি পেতে সুযোগ দেবে। 

যোগ্যতা: ব্যবসায় শিক্ষা, মানবিক অথবা বিজ্ঞান বিভাগ থেকে এ বছর বা পূর্ববর্তী বছর এইচএসসি পাস করা শিক্ষার্থীর বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে আবেদন করতে পারবেন। এইচএসসিতে ন্যূনতম ৩.৫০ জিপিএ থাকতে হবে। আগ্রহী প্রার্থীর এইচএসসিতে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি, ফিনান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স, মার্কেটিং, পরিসংখ্যান অথবা উচ্চতর গণিতের মধ্যে যেকোন একটি বিষয়ে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। 

দেশে বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট সম্পন্ন করার সুযোগ রয়েছে কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে। ঠিকানা: রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টর, রোড নম্বর- ২, বাড়ি নম্বর- ১৪। 

ইত্তেফাক/কেকে