শেরপুরে মাদ্রাসার অধ্যক্ষ হত্যার ঘটনায় গ্রেফতার ২

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

শেরপুরে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা লুত্ফর রহমান হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১২টার পর ঢাকা ও সিরাজগঞ্জ জেলায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এরা হলো—উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রামেশ্বর গ্রামের বাসিন্দা মামুনুর রশিদ ও আব্দুল মান্নান। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ড চেয়ে শনিবার দুপুরে বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে। শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৮ সেপ্টেম্বর উপজেলার গাড়ীদহ মডেল ইউনিয়নের রামেশ্বর গ্রামে জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মাওলানা লুত্ফর রহমান (৭০) খুন হন। পরদিন ঐ ঘটনায় নিহতের ছেলে ডা. মশিউল আলম বাদী হয়ে সাত জনের নাম উল্লেখসহ এবং চার-পাঁচ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় হত্যামামলা দায়ের করেন। কিন্তু ঘটনার পর থেকেই মামলায় অভিযুক্তরা পলাতক ছিল। তথ্য-প্রযুক্তির মাধ্যমে হত্যার ঘটনার মূলহোতা ও তার এক সহযোগীর অবস্থান নিশ্চিত হয়ে তাদের ধরতে অভিযান চালানো হয়। এক পর্যায়ে ঢাকার উত্তরা থেকে মামলার প্রধান আসামি মামুনুর রশিদ ও সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর থেকে অন্য আসামি আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়। হত্যার ঘটনায় জড়িত অন্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।