রয়টার্স
ইরানের ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা আবুলহাসান বনিসদরের মৃত্যু হয়েছে। শনিবার প্যারিসের একটি হাসপাতালে দীর্ঘদিন রোগভোগের পর ৮৮ বছর বয়সে তিনি মারা যান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।
ইরানে ইসলামি বিপ্লবের পর ১৯৮০ সালের জানুয়ারিতে তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। ইসলামি বিপ্লবীদের সহায়তায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে সদরের তেমন কোনো রাজনৈতিক পরিচিতি ছিল না; কিন্তু দ্রুতই কট্টরপন্থি আলেমদের সঙ্গে তার ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এক পর্যায়ে তিনি ফ্রান্সে পালিয়ে যান। বাকি জীবন তার সেখানেই কাটে। নির্বাসিত অবস্থায় বনি সদর প্যারিসের কাছাকাছি ভার্সাইয়ে বসবাস করেছেন। তার পরিবার তাকে এখানেই দাফন করতে চায় বলে সদরের দীর্ঘ দিনের সহকারী পাকনেজাদ জামালউদ্দিন জানিয়েছেন। ইরানের হামাদানে ১৯৩৩ সালের ২২ মার্চ জন্ম হয় বনিসদরের। ধার্মিক পরিবারে তিনি বেড়ে ওঠেন। তার বাবা নাসরুল্লাহ বনিসদর ছিলেন একজন উচ্চ পর্যায়ের শিয়া নেতা আয়াতুল্লাহ।