লিবিয়ায় অভিবাসী বন্দিশালায় রক্ষীদের গুলিতে নিহত ৬

আল-জাজিরা

লিবিয়ায় অভিবাসী বন্দিশালায় চরম বিশৃঙ্খলার মধ্যে রক্ষীদের গুলিতে শুক্রবার ছয় জন নিহত হয়েছে। জাতিসংঘের অভিবাসী সংস্থা বলেছে, শরণার্থী এবং অভিবাসীদের বিরুদ্ধে চলমান সহিংস অভিযানের মধ্যেই এ নিহতের ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ত্রিপোলির ঘোটশাল বন্দিশালায় উপচে পড়া ভিড়ের কারণে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। এ সময় রক্ষীদের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।  লিবিয়ায় জাতিসংঘের অভিবাসী সংস্থার প্রধান ফেদেরিকা সোডা বলেন, বন্দিশালায় রক্ষীরা গুলি চালিয়েছে এবং এতে অন্তত ছয় জন নিহত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, মানুষ বন্দিশালার বেড়ার ফাঁক দিয়ে স্রোতের মতো বেরিয়ে যাচ্ছে এবং ত্রিপোলির রাস্তায় দৌড়াচ্ছে। লিবিয়ায় মানবপাচারকারীদের বন্দিশালায় বিপুলসংখ্যক অভিবাসনপ্রত্যাশী আটকে থাকার প্রেক্ষাপটে গত সপ্তাহে সাঁড়াশি অভিযান চালায় কর্তৃপক্ষ। এ সময় ৫ হাজারেরও বেশি লোককে গ্রেফতার করা হয়, যাদের অনেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশী। মানবপাচারকারীদের হাতে কিছু বন্দি গুরুতর শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হচ্ছে অভিযোগ ওঠার মধ্যে এ অভিযানে নামে স্থানীয় প্রশাসন। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি গ্রেফতারদের মধ্যে অনেকেই ইউরোপিয়ান ইউনিয়ন সমর্থিত সরকারের কোস্টগার্ডের হাতে আটক হয়। পরে তাদের অভিবাসী বন্দিশিবিরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অমানবিক পরিবেশে রাখা হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ তুললে অনেককে মুক্তি দিয়ে দেওয়া হয়।