আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি স্বতন্ত্র পরিচয়ের ঘোমটা পরে অংশ নিচ্ছে। গতকাল শনিবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে আয়োজিত ব্রিফিংকালে বিএনপির উদ্দেশে বলেন, সত্ সাহস থাকলে ঘোমটা ছেড়ে প্রকাশ্যে দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করুন।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন অর্জনে দেশের মানুষ খুশি। এজন্য বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেবে না। তিনি বলেন, বিএনপির নিরপেক্ষ সরকারের দাবিতে এক দফার আন্দোলনের রঙিন খোয়াবও অচিরেই দুঃস্বপ্নে রূপ নিবে। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, পরবর্তী নির্বাচনের ব্যাপারে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। তাই এ বিষয়ে অযথা মাঠ গরম করার চেষ্টা করবেন না। আবরার হত্যা নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে তিনি প্রশ্ন রেখে বলেন, তাদের (বিএনপির) শাসনামলে দলীয় একজন লোকের বিচার হয়েছে কোন অপকর্মের জন্য, এমন কোনো নজির দেখাতে পারবেন কি? শেখ হাসিনা সরকারই বিশ্বজিত্ ও বরগুনার রিফাত হত্যার বিচার করেছে। আবরার হত্যা মামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং সাংগঠনিক ও দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে মামলাটি বিচার প্রক্রিয়াধীন। দলীয় পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হয়নি।