গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে ঘটে যাওয়া দাঙ্গার তদন্তে অবশ্যই তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন একথা বলেছেন। তথ্য দিয়ে সহায়তা করতে ডোনাল্ড ট্রাম্প গড়িমসি করার কারণে বাইডেন একথা বলেছেন।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের যে কোনো সাবেক প্রেসিডেন্ট তাদের যোগাযোগ, সহযোগী ও প্রশাসন বিষয়ক কিছু তথ্য গোপন রাখতে পারেন। দেশটির সংবিধানে সাবেক প্রেসিডেন্টদের এই অধিকার দেওয়া হয়েছে। শাসনতন্ত্রে এ সংক্রান্ত বিধান থাকার কারণে ইতিমধ্যে ট্রাম্পের অন্যতম সহযোগী স্টিভ ব্যানন দাঙ্গার তদন্তকারীদের সহযোগিতা করতে অনীহা প্রকাশ করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করেছিলেন তদন্ত কর্মকর্তারা, কিন্তু তাতে সাড়া দেননি তিনি।
বাইডেন প্রশাসন জানিয়েছে, ক্যাপিটল দাঙ্গা তদন্ত ইস্যুতে ট্রাম্পের বেলায় এই সুবিধা কার্যকর হবে না। শুক্রবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভসে একটি চিঠি গিয়েছে হোয়াইট হাউজ থেকে। তাতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট জো বাইডেন এ বিষয়ে স্থির সিদ্ধান্তে এসেছেন যে, কোনো নির্বাহীর ব্যক্তিগত সুযোগ-সুবিধার চাইতে যুক্তরাষ্ট্রের স্বার্থ অনেক বড় ও গুরুত্বপূর্ণ।’ প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত ট্রাম্প কখনো নির্বাচনের ফল মেনে নেননি। বরাবরই অভিযোগ করেছেন—নির্বাচনে কারচুপি ঘটেছে। সর্বশেষ নির্বাচন বাতিল ও পুনরায় ভোট গণনার জন্য আদালতের শরণাপন্নও হয়েছিলেন তিনি, যদিও আদালতের রায় তার বিপক্ষে গেছে। গত ৬ জানুয়ারি ক্যাপিটলে যখন যুক্তরষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেনকে স্বীকৃতি প্রদানের জন্য অধিবেশন শুরু হয়েছিল, সেসময় সেখানে হামলা করেন ডোনাল্ড ট্রাম্পের কয়েক শ উন্মত্ত সমর্থক। সেই হামলায় নিহত হয়েছিলেন অন্তত ১৩ জন।