ক্ষমতায় থেকে ক্ষমতা ছাড়তে না চাওয়া রাজনৈতিক বিকৃতি ---------জি এম কাদের

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ক্ষমতায় থেকে ক্ষমতা না ছাড়তে চাওয়াই রাজনৈতিক অপসংস্কৃতি। এই অপচেষ্টা হচ্ছে রাজনৈতিক বিকৃতি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার। সুষ্ঠু নির্বাচন হলেই গণতন্ত্রের চর্চা সম্ভব। তিনি গতকাল শনিবার তার বনানী কার্যালয় মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এর সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ইকবালের জাপায় যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন।

জি এম কাদের বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সংবিধানের আলোকে নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন করতে হবে। ইসি গঠন করতে বিগত তত্ত্বাবধায়ক সরকারগুলোর উপদেষ্টা লেভেলের নিরপেক্ষ ও গ্রহণযোগ্য লোক নিয়োগ দিয়ে তাদের হাতে সংবিধান অনুযায়ী ক্ষমতা দিতে হবে। নির্বাচনকালীন সময়ে দেশের নির্বাহী বিভাগ সম্পূর্ণভাবেই ইসির অধীনে কাজ করবে।

জাপা চেয়ারম্যান বলেন, কয়েকটি দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি জানাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্বাচনের জন্য খণ্ডকালীন সমাধান, এ ব্যবস্থা স্থায়ী সমাধান নয়। কারণ, তত্ত্বাবধায়ক সরকার তিন মাস পর বিলুপ্ত হলে, পরবর্তী উপ-নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে সরকার প্রভাব বিস্তার করতে পারে। আইন করে শক্তিশালী ইসি গঠন না হওয়ায় ইসি সঠিকভাবে কাজ করছে না বা সঠিকভাবে কাজ করতে পারছে না। তাই, জনগণের ইচ্ছে অনুযায়ী জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছে না। নির্বাচনে গণমানুষের প্রত্যাশা প্রতিফলিত হচ্ছে না। এ কারণেই ইসির ওপর সাধারণ মানুষের আস্থা এখন শূন্যের কোঠায়।

জি এম কাদের আরো বলেন, দেশের মানুষ ১৯৯১ সালের পর থেকে অচল মুদ্রার এপিঠ-ওপিঠ দেখছে। মানুষ পরিবর্তন দেখতে উন্মুখ হয়ে আছে। সাধারণ মানুষের বিচার-বিশ্লেষণে আওয়ামী লীগ ও বিএনপির তুলনায় জাতীয় পার্টির রাষ্ট্র পরিচালনায় দেশের মানুষ বেশি সুশাসন ভোগ করেছে। জাপার কো-চেয়ারম্যান লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, দলের কেন্দ্রীয় নেতা সৈয়দ ইফতেকার আহসান হাসান, মাখন সরকার, মিজানুর রহমান মিরু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।