আমেরিকায় ছাপা সংস্করণ থেকে সরে আসছে ‘প্রথম আলো’

উত্তর আমেরিকায় প্রথম আলোর ছাপা সংস্করণ প্রকাশের সাড়ে চার বছর পর ব্যবসা গুটিয়ে নিচ্ছে ট্রান্সকম গ্রুপ এবং মিডিয়াস্টার। ২০১৭ সালের ২৬ মার্চ প্রবাসী বাংলাভাষীদের জন্য পথচলা শুরু করে প্রথম আলোর সাপ্তাহিক উত্তর আমেরিকা সংস্করণ। প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন ইত্তেফাককে জানান, ট্রান্সকম গ্রুপ এবং মিডিয়াস্টার প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণ থেকে নিজেদের সংশ্লিষ্টতা ত্যাগ করছে। ইতিমধ্যে এই প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রিন্টার্স লাইনে সম্পাদক হিসেবে মতিউর রহমানের পরিবর্তে আমার নাম (ইব্রাহীম চৌধুরী খোকন) ছাপা হবে। আমরা নিউ ইয়র্কে নিজেরা নিজেদের মতো করে ’প্রথম আলো’ নামে এই পত্রিকাটি চালু রাখব। সেখানে ঢাকার প্রথম আলোর কোনো সংযোগ থাকবে না। এদিকে দৈনিক প্রথম আলোর একজন দায়িত্বশীল সাংবাদিক  বলেন, আমরা প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণ থেকে সরে আসছি। যদি ‘প্রথম আলো’ নামে নিউ ইয়র্কে প্রিন্ট ভার্সন বের হয় তবে তাতে দেশের দৈনিক প্রথম আলোর কোনো সংশ্লিষ্টতা বা দায় থাকবে না। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি চিঠি প্রস্তুত করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের মার্চে নিউ ইয়র্কের ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রথম আলোর ছাপা সংস্করণের উদ্বোধন করেন মিডিয়াস্টার ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান মরহুম লতিফুর রহমান। এরপর নিয়মিত প্রতি সপ্তাহের শুক্রবার নিউ ইয়র্ক থেকে পত্রিকাটি প্রকাশিত হয়ে আসছে। কিন্তু কোভিডসহ নানা কারণে অব্যাহত লোকসানের মুখে পড়েছে প্রিন্ট ভার্সন পত্রিকাগুলো।