শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জেলে নিহত হয়েছে। এসময় আরও ১ জেলে আহত হয়।
রবিবার (১০ অক্টোবর) ভোর ৪ টায় উপজেলার সখিপুর থানার পদ্মা নদীর আনন্দ বাজার পয়েন্টে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভেদরগঞ্জের উপজেলা উত্তর তারাবনিয়ার টুকু বেপারী কান্দির কাশেম পাঠানের ছেলে মহি উদ্দিন (২৪), একই ইউনিয়নের দেওয়ান কান্দি এলাকার হাকিম দেওয়ানের ছেলে আল আমিন (৩২) ও চাঁদপুর জেলার হাইমচর ইউনিয়নের চর ভৈরবের নয়ন আহমেদ (২৭)। এছাড়া আহত সাগর প্রদানীয়া (২৫) উপজেলার উত্তর তারাবনিয়া ইউনিয়নের দেওয়ান কান্দির এলাকার আলী আহমেদ প্রদানীয়র ছেলে। তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে পদ্মা নদীতে মাছ ধরতে যাওয়ার পর বজ্রপাতের কবলে পড়ে মাছ ধরার নৌকাটি। পরে আশেপাশের থাকা জেলেরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে। এসময় নৌকায় থাকা জেলেদের মধ্যে ৩ জনের মৃত্যু হয় এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।
উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোসলেম উদ্দিন বলেন, রবিবার ভোর রাতে নদীতে মাছ ধরতে যান জেলেরা। হঠাৎ নদীতে বজ্রপাতে নৌকায় থাকা ৪ জনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যায়। একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের (সচিব) সিপন মেহেদী বলেন, তিন জনের মৃত্যু হয়েছে। দুইজনকে দাফন সম্পন্ন হয়েছে। একজনের লাশ চাঁদপুরে নেওয়া হয়েছে। আহত সাগরকে ঢাকায় নিয়ে ভর্তি করা হয়েছে।
সখিপুর থানা ওসি (তদন্ত) মো. ওবাইদুল হক বলেন, ভোর রাতে বজ্রপাতে পদ্মা নদীতে তিন জন জেলে নিহত হয়েছে বলে শুনেছি। এ সময় এক জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। নিহতদের ইতিমধ্যে পারিবারিকভাবে দাফন করা হয়েছে।
ইত্তেফাক/এমএএম