তুরাগে ট্রলারডুবি: নিহতদের ৪ জনের পরিচয় মিলেছে

তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছে, শিউলি আক্তার (২০),  ইমরান (৩), ফারহান মনি (৪), আরমান (৪)।  বাকি একজনের নাম জানা যায়নি। রবিবার (১০ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ৪ শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত নিখোঁজ দুইজনের সন্ধান পাওয়া যায়নি।

এদিকে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। কিন্তু এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। আজ বিকেল সোয়া ৫টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে, দুপুর নৌ-পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, তুরাগে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো আজ ভোর ৬ টা থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। সেখানে দুপুর পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি। এরপর অভিযান সমাপ্ত ঘোষণা হলেও আশেপাশের দুই-তিন কিলোমিটার এলাকা সার্চ করা হবে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, সব বিষয় পর্যালোচনা ও পর্যবেক্ষণ করে এ ব্যাপারে নৌ-পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে। নৌকার যাত্রীদের মধ্যে এখনো দু’জন নিখোঁজ রয়েছে। ট্রলারটিকে ধাক্কা দেওয়া বাল্কহেড শনাক্ত করতে পারেনি নৌ-পুলিশ।

ফায়ার সার্ভিস ও নৌ- পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে তুরাগ নদে কয়লার ঘাট এলাকায় মাঝ নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি তলিয়ে যায়। ডুবে যাওয়ার সময় ওই নৌকার নারী-শিশুসহ ১৭ থেকে ১৮ জন যাত্রী ছিল। এ সময় কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শিশু নারীসহ ৭ জন নিখোঁজ ছিল। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর ডুবুরি দল। অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ অংশ নেয়। পরে তীব্র স্রোত ও আলোক স্বল্পতার কারণে সন্ধ্যা ৬ টায় প্রথম দিনের অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। আজ রবিবার ভোর ৬ টা থেকে দ্বিতীয় দিনের মত উদ্ধার অভিযান শুরু হয়।

ইত্তেফাক/জেডএইচডি