‘দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, গণতন্ত্র বিকাশে অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূল পর্যায়ের আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কার্যকর ভূমিকা রাখতে হবে।

রবিবার (১০ অক্টোবর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদ আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও সঠিক নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ১২ বছর আগের তুলনায় বাংলাদেশ এখন সবদিক থেকেই অনেক উন্নতি লাভ করেছে। 

তিনি আরও বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক অনেক সূচকে আমাদের দেশ এগিয়ে গেছে। অনেক ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোকেও ছাড়িয়ে গেছে।’

ইত্তেফাক/এমএএম