পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের মাধ্যমে সরকারি বনজ সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন এবং বন সংরক্ষণ ও পুনরুদ্ধারে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি করা হবে। বনের ওপর সরাসরি নির্ভরশীলতা হ্রাসসহ বনজ সম্পদ উজাড় রোধে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা হবে। এতে বনাচ্ছাদন বৃদ্ধি পাবে, বনের বাইরে বৃক্ষাচ্ছাদন বৃদ্ধির উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে। পরিবেশমন্ত্রী গতকাল রবিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় প্রণীত ‘কমিউনিটি অপারেশনস ম্যানুয়াল’ চূড়ান্তকরণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, যুগ্মসচিব (উন্নয়ন) জাকিয়া আফরোজ, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী এবং টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের পরিচালক গোবিন্দ রায় প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি