নালিতাবাড়ী উপজেলা নিভৃত পল্লিতে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে গতকাল রবিবার থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার ১ নম্বর পোড়াগাঁও ইউনিয়নের পলাশীকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন—পলাশীকুড়া গ্রামের আব্দুল বাছেদ আলীর ছেলে আব্দুস সাত্তার (৪২) ও আব্দুস সোবহানের ছেলে সাদেক আলী (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে শেরপুর সদর উপজেলার এক গৃহবধূ (৩৫) তার কিশোরী মেয়েকে নিয়ে পলাশীকুড়া গ্রামে বাবার বাড়ি বেড়াতে যান। গত শনিবার বেলা ১১টার দিকে মা-মেয়ে ইজিবাইকে করে শেরপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় এক ব্যক্তি তাদের নিয়ে সারা দিন উপজেলার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে রাতে পুনরায় পলাশীকুড় গ্রামে নিয়ে আসেন। পরে তাদের কৌশলে পলাশীকুড়া গ্রামের উসমানের নির্মাণাধীন জনশূন্য বাড়িতে নিয়ে যায়। সেখানে সাত জন মিলে মা এবং মেয়েকে ধর্ষণ করে সটকে পড়ে। গতকাল রবিবার সকালে ধর্ষণের শিকার মা-মেয়ে ঘটনা প্রকাশ করলে স্বজনেরা ‘৯৯৯’ এ ফোন করে ঘটনার বিবরণ দেয়। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদলের নেতৃত্বে অভিযান চালিয়ে আসন্ন ইউপি নির্বাচনে মেম্বর পদপ্রার্থী ও ধর্ষণে অভিযুক্ত আব্দুস সাত্তার (৪২) এবং সাদেক আলীকে (৩০) আটক করে থানায় নিয়ে আসে। ওসি বছির আহমেদ বাদল জানান, অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগী মা-মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শেরপুরের পুলিশ সুপার (এসপি) হাসান নাহিদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।