ভারতের উত্তরপ্রদেশের লখিমপুরে চার কৃষকসহ আট জন নিহতের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিষ মিশ্রকে আটকের পর জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গত শনিবার ১২ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে গতকাল আশিষ মিশ্রর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপর তাকে আদালতে তোলা হয়। সেখানে বিচারক তাকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।
এদিকে এ ঘটনায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আরো সরব হয়েছে বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাতের আবেদন করেছেন। সাত সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান। তারা আবেদন করেছেন, এই ঘটনায় রাষ্ট্রপতি যেন হস্তক্ষেপ করেন। তাদের দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদত্যাগ না করলে নিরপেক্ষ তদন্ত হবে না।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গত রবিবার লখিমপুর খেরিতে কৃষকদের সমাবেশে গাড়ি চালিয়ে চার কৃষককে হত্যা করার অভিযোগ উঠে আশিষের বিরুদ্ধে। কিন্তু এই অভিযোগ বরাবরই নাকচ করেছেন তার বাবা অজয় মিশ্র। তার দাবি, ঘটনার সময় লখিমপুর খেরিতে ছিলেন না আশিষ। যদিও পরবর্তীকালে একাধিক ভিডিওতে দেখা যায়, যে গাড়িটি চাপা দিয়েছে, সেটি আশিষের। এরপর সংযুক্ত কৃষক মোর্চার পক্ষ থেকেও আশিষকে গ্রেফতারের দাবি তোলা হয়।
শনিবার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হাজির হন আশিষ। পুলিশ সূত্র বলছে, সকাল থেকে রাত পর্যন্ত চলে জেরা। শেষে বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় ও তদন্তে সহযোগিতা না করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।