গাড়ির ভেতর চালকের লাশ, নিখোঁজ ছিলেন দুই দিন

রাজধানীর তেজগাঁওয়ে সাউদার্ন পেট্রোল পাম্পের উলটা দিকের সড়কে একটি গাড়ির ভেতর থেকে একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে টয়োটা ব্রান্ডের এসইউভি গাড়িটি সেখানে পড়েছিল। 

গাড়ি থেকে যার মরদেহ পাওয়া গেছে তার নাম সজল কুমার ঘোষ। তার বাড়ি কিশোরগঞ্জে। গাড়িটি ইউডিসি কন্সট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার কালাম হোসেন ব্যবহার করতেন। সজল সেটির চালক ছিলেন। ৭ অক্টোবর কালাম হোসেনকে বাড়িতে নামিয়ে দেওয়ার পর থেকে গাড়িসহ নিখোঁজ ছিলেন সজল। দুই দিন পর গত ৯ অক্টোবর লাশটি উদ্ধার করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) শের আলম জানান, গাড়িটির পিছনের সিটে মরদেহ ছিল। সুরতহাল শেষে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বলেন, ৭ অক্টোবর রাতে কালাম হোসেনকে তার ধানমন্ডির বাসায় নামিয়ে দিয়ে মহাখালী ফেরার কথা ছিল চালকের। কিন্তু চালকসহ গাড়িটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। চালকের ফোনে রিং হলেও কেউই রিসিভ করছিলেন না। এ ঘটনায় ৮ অক্টোবর বিকালে ধানমন্ডি থানায় জিডি করার পর ঐ মোবাইল ফোনের অবস্থান পাওয়া যায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়। খোঁজাখুঁজি করে গাড়িটির হদিস পায় প্রতিষ্ঠানের লোকজন। খবর দেওয়া হয় শিল্পাঞ্চল থানায়। শনিবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশ গাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে।