জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশে চাকরির ক্ষেত্র ও সুযোগ তৈরি হচ্ছে না। জনগণ জীবিকার প্রয়োজনে পাহাড়, মরুভূমি, সমুদ্র ও জঙ্গল পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে দেশত্যাগের চেষ্টা করছে। মেগা উন্নয়নের সুফল জনগণ পাচ্ছে না। প্রবৃদ্ধি ও উন্নয়নের কথা বলা হলেও দুর্নীতির কারণে এর সুফল লুণ্ঠিত হচ্ছে। কিন্তু জাতীয় পার্টির সরকারের উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছেছিল। তিনি গতকাল রবিবার তার বনানীর কার্যালয়ে জাপার নবনিযুক্ত মহাসচিব মুজিবুল হক চুন্নুর সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন চুন্নু
অনুষ্ঠানে দলের নবনিযুক্ত মহাসচিব মুজিবুল হক চুন্নুকে জাপার অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় জাপার মহাসচিব বলেন, দলের ত্যাগী, মেধাবী, কর্মঠ ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের সমন্বয়ে জাপাকে ভবিষ্যত্ প্রজন্মের উপযোগী শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে তৈরি করা হবে। তিনি পার্টির চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দলের প্রতি বিশ্বস্ত থাকার অঙ্গীকার করেন। নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে সবার সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এ টি ইউ তাজ রহমান, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, জহিরুল ইসলাম জহির প্রমুখ।
এদিকে, শারদীয় দুর্গা উত্সব উপলক্ষ্যে গতকাল এক বিবৃতিতে জাপার চেয়ারম্যান জি এম কাদের বাংলাদেশসহ বিশ্বের সব সনাতন ধর্মাবলম্বীকে অভিনন্দন জানিয়েছেন।