রেজানুর রহমানের নেতৃত্বে চিলড্রেন থিয়েটার গঠন

 বিনোদন রিপোর্ট

 

শিশু-কিশোরদের অভিনয় প্রতিভা বিকাশের লক্ষ্যে ‘উত্সব চিলড্রেন থিয়েটার’ নামে দেশে একটি নতুন নাট্য সংগঠন গঠিত হয়েছে। বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক রেজানুর রহমানের নেতৃত্বে উত্সব টেলিফিল্ম আয়োজিত মাসব্যাপী এক শিশু-কিশোর নাট্য কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় দেশবরেণ্য নাট্যজন মামুনুর রশীদ উত্সব টেলিফিল্মের পক্ষে নতুন এই নাট্য সংগঠনের ঘোষণা দিয়েছেন। স্কুল পড়ুয়া শিশু-কিশোররা এই নতুন নাট্য সংগঠনের সদস্য হতে পারবে। কর্মশালায় যুক্ত ১৯ জন শিশু-কিশোর নতুন এই নাট্য সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গণ্য হবেন। গত ৬ অক্টোবর সন্ধ্যায় সেগুন বাগিচাস্থ কেন্দ্রীয় কঁচিকাচা মিলনায়তনে নাট্য কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ‘আমরা একটি নাটক বানাবো’ শীর্ষক একটি মঞ্চ নাটক প্রদর্শন করে শিশু-কিশোর শিক্ষার্থীরা। বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ নাটকটির ভূয়শী প্রশংসা করেন।

মামুনুর রশীদ বলেন, ‘একটা সময় দেশে শিশু-কিশোরদের জন্য অনেক সংগঠন কাজ করতো। এখন আর সেটা দেখা যায় না। এমন অস্থির সময়ে রেজানুর রহমানের নেতৃত্বে উত্সব টেলিফিল্ম যে উদ্যোগটি গ্রহণ করেছে তা প্রশংসনীয়।’ অনুষ্ঠানের বিশেষ অতিথি শিশু একাডেমির সাবেক পরিচালক আনজীর লিটন বলেন, ‘শিশুদের অভিনয় প্রতিভা বিকাশের লক্ষ্যে উত্সব টেলিফিল্ম যে উদ্যোগ নিয়েছে তার সাফল্য কামনা করি। নাট্যব্যক্তিত্ব ও নির্দেশক রেজানুর রহমানকে ধন্যবাদ জানাই এমন একট মহত্ কাজে যুক্ত হওয়ার জন্য।’