আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপির নিজের ঘরে এখন বিচ্ছেদের সানাই বাজছে। একে একে নেতারা ঘর ছেড়ে চলে যাচ্ছেন। ২০ দলীয় জোটেও দেখা দিয়েছে ভাঙনের বিষাদ সুর। গতকাল সোমবার রাজধানীর সূচনা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর থানার ২৯ নম্বর ওয়ার্ডের পাঁচটি ইউনিটের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, বিএনপি নিজেরাই বিভক্ত হয়ে যাচ্ছে। এখন শুনছি কেন্দ্রীয় সম্মেলন না করে ঘরে বসেই কমিটি করবে। সম্মেলন নেই দলটির। নিজেদের ঘরেই গণতন্ত্র নেই। তারা দেশে গণতন্ত্র কী করে করবে?
‘নির্বাচন এখন কতিপয় জটিল অসুখে আক্রান্ত, তাকে বাঁচাতে মেডিক্যাল বোর্ড গঠন করতে হবে’—সম্প্রতি নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদারের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বিস্ময় প্রকাশ করে বলেন, অবাক লাগে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কমিশনার মাহবুব তালুকদার একটি দলের হয়ে যেভাবে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন, তাতে মনে হয় ইসি নয়, তিনি নিজেই জটিল ও কঠিন মানসিক রোগে আক্রান্ত। বর্তমান ইসির মূল সমস্যা হচ্ছেন তিনি নিজেই।
সড়ক মন্ত্রী বলেন, আগামী বছর মেট্রোরেল, পদ্মা সেতু, বাস র্যাপিড ট্রানজিট, গাজীপুর টঙ্গী চার লেন সড়ক ও বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা উন্নয়নের নতুন ধারা দেশে নিয়ে এসেছেন। বাংলাদেশে ১০টি ফ্লাইওভার তৈরি হবে। আগামী বছর চারটি মেগা প্রজেক্ট উদ্বোধন হবে, তখন বিএনপির সমালোচনার মুখ জনগণ বন্ধ করে দেবেন।
বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলন হলে আমাদের দলের ভেতরের অন্তঃকলহ অনেকটা মিটে যাবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা যদি নেতা নির্বাচিত করেন তাহলে দলের অভ্যন্তরে রেষারেষি, কোন্দল তৃণমূলেই থেমে যাবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু, চিহ্নিত মাদক ব্যবসায়ী—এ ধরনের বিতর্কিত, অপকর্মকারীদেরকে আপনারা দলে ঠাঁই দেবেন না। নিজের লোক বাড়ানোর জন্য খারাপ লোকদের টেনে আনবেন না। ভালো মানুষদের নিয়ে আমরা দল করব। সেই আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে।
ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর থানার অন্তর্গত ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সলিম উল্লাহ সলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।