সিনহা হত্যা :আরো পাঁচ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন

মেজর অব. সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় পঞ্চম দফায় দ্বিতীয় দিনে গতকাল সোমবার পাঁচ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। এ নিয়ে মামলায় ৩২ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

গতকাল সাক্ষ্য দিয়েছেন সার্জেন্ট মো. জিয়াউর রহমান, সার্জেন্ট আনিসুর রহমান, আহমদ কবির মনু, সৈয়দ কালাম ওরফে ধলা মিয়া ও মো. কামরুল হাসান। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পিপি জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাঁচ দফায় ২৭ নম্বর সাক্ষী সার্জেন্ট মো. জিয়াউর রহমানকে দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষীরা হত্যার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য  আদালতকে জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর অব. সিনহা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক তিনটি (টেকনাফে দুটি, রামুতে একটি) মামলা করেন। ৫ আগস্ট নিহতের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে মামলার এজাহারে থাকা ৯ আসামির সঙ্গে আরো ছয় জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় তদন্তকারী সংস্থা র্যাব।