শেখ হাসিনার হাতে যতদিন দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ ---—মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেন, শেখ হাসিনার হাতে যতদিন দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। শেখ হাসিনা দেশের কথা, জনগণের কথা ভাবেন। মহামারি করোনাকালীন প্রত্যন্ত গ্রামাঞ্চলে মোবাইল ফোনের মাধ্যমে প্রধানমন্ত্রীর তহবিল থেকে বহু মানুষের কাছে টাকা পাঠিয়েছেন। যা কেউ ভাবতেও পারেনি। শেখ হাসিনা শিক্ষার্থীদের বিনা বেতনে লেখাপড়া করা ও বিনা মূল্যে বইয়ের ব্যবস্থা করেছেন। যার সুফল শিক্ষার্থীরা পাচ্ছে। জাতীয় নির্বাচন সম্পর্কে মতিয়া চৌধুরী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচন যথাসময়ে হবে। এরজন্য প্রস্তুতি নেন। যা আকাম কুকাম করছেন তার জন্য ক্ষমা চেয়ে জনগণের কাছে ভোট চান।

আর শেখ হাসিনাকে কটু কথা বলার আগে কমপক্ষে ১০ বার ভেবে দেখবেন। সাদা আর কালোকে এক করে দেখবেন না। অন্যেরা অন্ধকারের রাজনীতি করে, কালো রাজনীতি করে। মেকাপ দিলেও তাদের কালো দাগ ঢাকবে না। তিনি গতকাল সোমবার নালিতাবাড়ী উপজেলা চত্বরে শিক্ষার্থী ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান বিতরণকালে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকারসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।