ফিলিপাইনে ঘূর্ণিঝড় কমপাসুর প্রভাবে বন্যা-ভূমিধস নিহত ৯

আলজাজিরা ও  রয়টার্স

ফিলিপাইনে ক্রান্তীয় ঘূর্ণিঝড় কমপাসুর প্রভাবে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট হড়কা বান ও ভূমিধসের ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবারের এসব ঘটনায় আরো ১১ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার একটানা বাতাসের বেগ নিয়ে সাগর থেকে স্থলে উঠে আসে কমপাসু। স্থলে উঠে আসার আগে আরেকটি ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ কমপাসুর সঙ্গে মিশে যায়। আগেই ঘূর্ণিঝড়ের মুখে থাকা প্রায় ১ হাজার ৬০০ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে, তাদের আঞ্চলিক ইউনিটগুলোর পাঠানো প্রতিবেদনে উত্তরাঞ্চলীয় বেনগুয়েত প্রদেশে ভূমিধসে চার জনের এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপ প্রদেশ পালওয়ানে হড়কা বানে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।