সিলেট ছাত্রলীগের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান

সিলেট জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি নিয়ে নগরীতে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রাহেল সিরাজের আম্বরখানার বড় বাজারস্থ বাসায় হামলার ঘটনা ঘটে। কমিটি ঘোষণার জের ধরে ছাত্রলীগের তেলিহাওর গ্রুপের সাবেক ও বর্তমান একদল নেতাকর্মী এই হামলা করে বলে অভিযোগ করেছেন রাহেল সিরাজের ভাই গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রুমেল সিরাজ। তার অভিযোগ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ, মহানগর শাখার সাবেক সহ-সভাপতি সুজেল তালুকদার ও যুবলীগ নেতা দুলাল আহমদের নেতৃত্বে ৩০-৩৫ জন যুবক তার বাসায় হামলা চালায়। এ সময় তার ওপরও হামলার চেষ্টা করা হয়। হামলাকারীরা বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে আম্বরখানা ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এদিকে কেন্দ্র থেকে কমিটি ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে মিছিল করে জেলা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। কমিটির শীর্ষ পদ বিক্রির অভিযোগ করেন তারা। মিছিল থেকে তারা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নামে কটূক্তিমূলক স্লোগানও দেয়। মঙ্গলবার কেন্দ্র থেকে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে টিলাগড় গ্রুপের নাজমুল আলম ও সাধারণ সম্পাদক হিসেবে তেলিহাওর গ্রুপের রাহেল সিরাজের নাম ঘোষণা করা হয়।

মহানগর ছাত্রলীগের সভাপতি হিসেবে দর্শনদেউড়ি গ্রুপের কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক হিসেবে কাশ্মীর গ্রুপের নাঈম আহমদের নাম ঘোষণা করা হয়। এছাড়া কেন্দ্র ঘোষিত ছয় সদস্য হলেন—জাওয়াদ ইবনে জাহিদ খান, বিপ্লব কান্তি দাস, মুহিবুর রহমান মুহিব, কনক পাল অরূপ, হোসাইন মোহাম্মদ সাগর ও সঞ্জয় পাশী জয়।