রাজধানীর ভাটারা থেকে বস্তাবন্দি হাত-পা বাঁধা এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে। আটককৃতরা হলেন রকি রায়, সুমন ও মোক্তার হোসেন হীরা। গত রবিবার সকালে ভাটারা থানাধীন কোকাকোলা গলির ঢালীবাড়ি মহিলা মাদ্রাসার সামনের ফুটপাতে ঐ নারীর লাশ পাওয়া যায়। লাশটি একটি প্লাস্টিকের বস্তায় ভরা ছিল। লাশের হাত-পা বাঁধা ছিল। পরে লাশের আঙুলের ছাপ জাতীয় পরিচয়পত্রের সার্ভারে যুক্ত করে নারীর পরিচয় শনাক্ত করে পুলিশ। তার নাম মোছা. শিপন আখতার (৩০)। বগুড়ার সোনাতলার আব্দুল কুদ্দুসের মেয়ে তিনি। এ ঘটনার পরদিন সোমবার নিহতের ছোট ভাই হামিদুল ইসলাম বাদী হয়ে ভাটারা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
পুলিশ ঘটনাটি তদন্ত করে জানতে পারে, শনিবার রাতে কোকাকোলা গলিতে জব্বারের বাসায় রকি, সুমন ও হীরা ইয়াবা সেবন করেন। ঐ রাতে তাদের সঙ্গে ঐ নারীও ছিলেন। ইয়াবা সেবনের এক পর্যায়ে কথা কাটাকাটির জের ধরে জব্বার ঐ নারীর গলা চেপে ধরে। পরে ঐ নারীর মৃত্যু হলে লাশ একটি কার্টনে ভরে মাদ্রাসার সামনের রাস্তার ফুটপাতে রেখে দিয়ে পালিয়ে যায়। জব্বারকে পুলিশ গতকাল পর্যন্ত আটক করতে পারেনি।