আইপিএলে ব্যস্ত থাকায় সাকিব আল হাসান নেই। মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানও ছিলেন না একাদশে। লিটন দাসের নেতৃত্বে শ্রীলঙ্কাকে বেশ চেপে ধরেছিল বাংলাদেশ দল। যদিও আবুধাবিতে গতকাল আইসিসির নির্ধারিত প্রথম প্রস্তুতি ম্যাচ শেষ পর্যন্ত হেরে গেছে টাইগাররা। আভিস্কা ফার্নান্দোর ঝোড়ো হাফ সেঞ্চুরিতে বাংলাদেশকে ৪ উইকেটে পরাজিত করেছে শ্রীলঙ্কা।
গতকাল টস জিতে আগে ব্যাট করা বাংলাদেশ ৭ উইকেটে ১৪৭ রান তুলেছিল। সৌম্য সর্বোচ্চ ৩৪ রান করেন। লিটন ১৬, সোহান ১৬, শেখ মেহেদী অপরাজিত ১৬, মুশফিক ১৩, নাঈম শেখ ১১, আফিফ ১১, তাসকিন ৪ রান করেন।
রান তাড়া করতে নেমে ৮০ রানের আগেই ৬ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু তারপর আভিস্কা ফার্নান্দোর ৪৯ বলে অপরাজিত ৫৮ ও চামিকা করুণারত্নের ১৬ বলে অপরাজিত ২৯ রানের ইনিংসে ভর করে জয় তুলে নেয় লঙ্কানরা। ১৯ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। চান্দিমাল ১৩, পাথুম নিশাঙ্কা ১৫ রান করেন। বাংলাদেশের মেহেদী হাসান ২২ রানে ৩টি উইকেট পান।
আগামীকাল একই ভেন্যুতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ দল। পরের দিনই বিশ্বকাপের প্রথম রাউন্ড খেলতে ওমানে ফিরে যাবে মাহমুদউল্লাহ বাহিনী।