জলবায়ু তহবিলের আকার ১০ হাজার কোটি ডলারে উন্নীত করবে এডিবি

 

ইত্তেফাক রিপোর্ট

আগামী ২০৩০ সালের মধ্যে সদস্য দেশগুলোর জন্য জলবায়ু খাতে ১০ হাজার কোটি ডলার তহবিলের যোগান দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় সাড়ে ৮ লাখ কোটি টাকা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি উল্লেখ করেছে, ২০১৮ সালে এডিবি তাদের এই তহবিলের আকার ২০৩০ সাল পর্যন্ত ৮০ বিলিয়ন ডলার নির্ধারণ করেছিল। এখন সেটি বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মূলত করোনার চ্যালেঞ্জ মোবাবিলা এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোবাকিলায় সদস্য দেশগুলোর ঋণ চাহিদা বেড়েছে। বাড়তি সহায়তার মাধ্যমে দেশগুলোর এই চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। এ বিষয়ে এডিবি প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া উল্লেখ করেছেন, জলবায়ুর সংকট দিনদিন আরো খারাপের দিক যাচ্ছে। জলবায়ু তহবিল বাড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে। এজন্য এডিবি বাড়তি অর্থায়নের উদ্যোগ নিয়েছে।