জাতীয় প্রেসক্লাবে রাজনৈতিক সমাবেশ, কর্মসূচি বন্ধ থাকবে

 

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে গতকাল বুধবার ব্যবস্থাপনা কমিটির সভায় গত ১০ অক্টোবর ক্লাব প্রাঙ্গণে সংঘটিত বিশৃঙ্খল ও অনাকাঙ্ক্ষিত ঘটনাবলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বলা হয়, কমিটি ক্লাব ও সদস্যদের স্বার্থে ক্লাবে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা বজায় রাখতে বদ্ধপরিকর। যে কোনো মূল্যে ক্লাবের স্বার্থ, মর্যাদা  সমুন্নত রাখা হবে। ক্লাবের বিভিন্ন হল ও মিলনায়তন ভাড়া প্রদানের ক্ষেত্রে নির্ধারিত নিয়মাবলি ও শর্ত আবশ্যিকভাবে পালন করতে হবে। সভায় এই মর্মে সিদ্ধান্ত হয় যে, আলোচনাসভা, সেমিনারের নামে কোনো দলের রাজনৈতিক কর্মসূচি, সমাবেশ করতে দেওয়া হবে না।

সভায় জিহাদ স্মৃতি পরিষদ, জিয়া পরিষদ এবং কোনো দলের রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচি ভবিষ্যতে বন্ধ থাকবে বলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়। ইতিপূর্বে এসব সংগঠনের কর্মসূচির ফলে ক্লাবে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঘটে। যার ফলে ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হচ্ছে এবং সার্বিক সহযোগিতা কামনা করা হয়।—প্রেস বিজ্ঞপ্তি