চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে র্যাব। গতকাল বুধবার ভোরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা গ্রামে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে র্যাব জানিয়েছে। নিহত মো. আলমগীরের (৪৫) বাড়ি বাঁশখালী উপজেলায়।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক নুরুল আবসার জানান, র্যাবের একটি টিম গন্ডামারা এলাকায় টহল প্রদানকালে হঠাত্ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে কিছু দুর্বৃত্ত। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও গুলি ছোড়েন। পালটাপালটি গুলি বিনিময়ের পর ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তিকে স্থানীয়রা মো. আলমগীর ওরফে আলম ডাকাত হিসেবে শনাক্ত করেন। ঘটনাস্থল থেকে চারটি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, দুটি রামদা, একটি ছুরি, ১১ রাউন্ড কার্তুজ ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। র্যাবের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, নিহত আলমগীরের বিরুদ্ধে বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে ৯টি মামলা আছে।