শাহরুখের ছেলে আরিয়ানের জামিন আবেদনের পরবর্তী শুনানি আজ

বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ানের জামিন আবেদন গত সপ্তাহে ম্যাজিস্ট্রেট কোর্টে খারিজ হয়েছিল। এরপর গত সোমবার বিশেষ এনডিপিএস আদালতে নতুন করে আরিয়ান খানের জামিনের আবেদন দায়ের করেন তার আইনজীবী সতীশ মানেশিন্ডে। গতকাল আদালতে দীর্ঘ সময় আরিয়ানের জামিনের আবেদনের ওপর শুনানি হয়। আজ বৃহস্পতিবার সকালে আবারও শুনানি হবে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, শুনানিতে চাঞ্চল্যকর দাবি করেছেন আরিয়ানের আইনজীবী অমিত দেশাই। গতকাল আদালতে তিনি বলেন, আরিয়ান ঐ ক্রুজের ভেতর ছিলেন না যেখানে তল্লাশি চালাচ্ছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। তার দাবি, আরিয়ান খানকে ক্রুজের গেট থেকেই আটক করে এনসিবি। আরিয়ানের সঙ্গে ছিল আরবাজ মার্চেন্ট। তাদের প্রশ্ন করলে, আরবাজ স্বীকার করে নেয় তার কাছে মাদক রয়েছে। আরিয়ান খানের জবানবন্দির বিষয়ে আইনজীবী বলেন, কীভাবে এমন জবানবন্দি রেকর্ড করা হয় সেটা আদালত ভালো করেই জানে।

অন্যদিকে আদালতে আরিয়ান খানের জামিনের বিরোধিতা করেছে এনসিবি। তাদের দাবি, আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যোগাযোগ রয়েছে আরিয়ান খান এবং এই মামলায় গ্রেফতার অপর অভিযুক্তদের। ইতিমধ্যেই আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে তথ্য-প্রমাণ তাদের হাতে এসেছে।

প্রসঙ্গত, মাদক সেবন ও মাদক রাখার অভিযোগে গত ২ অক্টোবর থেকে এনসিবির হেফাজতে আছে আরিয়ান খান। খবরে বলা হয়েছে, বর্তমানে আর্থার রোড জেলে বন্দি শাহরুখ পুত্র আরিয়ান জেলের খাবার মুখে নিচ্ছেন না। তিনি জেলের ক্যান্টিন থেকে কেনা বিস্কুট খেয়েই দিন পার করছেন।

এদিকে ভারতের বর্ষীয়ান অভিনেতা শত্রুঘন সিনহা বলেছেন, শাহরুখের জন্যই আরিয়ানকে হেনস্তার শিকার হতে হচ্ছে। তার মতে, খ্যাতনামা শাহরুখের ছেলে বলেই আরিয়ানকে ‘নিশানা’ করা হচ্ছে। তার আক্ষেপ, শাহরুখের এই কঠিন সময়ে বলিউডের সহকর্মীরা তার পাশে এসে দাঁড়াচ্ছেন না। সবাই ভাবছে এটা শাহরুখের সমস্যা। তার মতে, বলিউডের সবাই ভীতু।