তাইওয়ান চীনের সঙ্গে যুদ্ধ শুরু করবে না কিন্তু নিজেকে ‘পরিপূর্ণভাবে’ রক্ষা করবে বলে জানিয়েছেন স্বশাসিত দ্বীপটির প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং। তাইওয়ান প্রণালী জুড়ে বাড়তে থাকা উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিশ্ব জুড়ে দেখা দেওয়া উদ্বেগের মধ্যে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।
বিশ্বের অন্যতম বৃহত্তম সেমিকন্ডাক্টর উত্পাদনকারী তাইওয়ান হামলার মুখে পড়লে নিজেদের রক্ষা করার কথা বারবার বলে আসছে, তবে তারা ‘বেপরোয়াভাবে এগিয়ে’ যাবে না এবং চীনের সঙ্গে বিদ্যমান স্থিতাবস্থা বজায় রাখতে আগ্রহী বলেও জানিয়েছে। পার্লামেন্টের কমিটি বৈঠকে চিউ তাইওয়ানের দাপ্তরিক নাম ব্যবহার করে বলেন, “চীন প্রজাতন্ত্র (তাইওয়ান) যুদ্ধ শুরু করবে না বা করতে যাবে না এটি পরিষ্কার, কিন্তু যদি কেউ অগ্রসর হয় আমরা পূর্ণশক্তিতে শত্রুর মোকাবিলা করব।” তাইওয়ানকে নিজেদের ‘বিচ্ছিন্ন প্রদেশ’ হিসেবে বিবেচনা করা চীনের সঙ্গে দ্বীপটির উত্তেজনা ক্রমবর্ধমান। ৪০ বছরের মধ্যে চীনের সঙ্গে তাইওয়ানের সামরিক উত্তেজনা সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে, গত সপ্তাহে বলেছিলেন চিউ। চীন ২০২৫ সালের মধ্যে তাইওয়ানে ‘পুরোদস্তুর’ আক্রমণ চালানোর সক্ষমতা অর্জন করবে বলেও সতর্ক করেছেন তিনি। ১ অক্টোবর থেকে পরপর চার দিন তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে (এআইডিজেড) চীনের ব্যাপক সংখ্যক যুদ্ধবিমান অনুপ্রবেশের পর এসব কথা বলেছেন চিউ। সামরিকভাবে হয়রানি করতেই বেইজিং এসব পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা তাইওয়ানের।