ব্যবসায়ীদের প্রতি মানসম্পন্ন পণ্য উত্পাদনের আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, শিল্পায়নের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে দেশে মানসম্পন্ন পণ্য উত্পাদনের মাধ্যমে অভ্যন্তরীণ বাজারে চাহিদা সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা। দেশীয় শিল্পের বিকাশ ও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য বিএসটিআই অধিক হারে আন্তর্জাতিক মানকে জাতীয় মান হিসেবে গ্রহণ করছে। পণ্য উত্পাদনের ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ করা হলে বিশ্ব বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ সহজতর হবে। রাজধানীর তেজগাঁওয়ের বিএসটিআই প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। বিএসটিআইর মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব জাকিয়া সুলতানা এবং এফবিসিসিআই প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্যে শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, বিএসটিআইর কর্মকর্তা-কর্মচারীদের প্রভাবমুক্ত হয়ে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে, ভবিষ্যত্ প্রজন্মের কথা চিন্তা করে ভেজালমুক্ত খাদ্য ও পণ্য উত্পাদন এবং সরবরাহ নিশ্চিত করতে হবে। এফবিসিসিআই প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন বলেন, বিশ্ববাজারে দেশীয় পণ্যের প্রসারে আমাদের শিল্প কলকারখানায় উত্পাদিত পণ্য ও সেবার ক্ষেত্রে নির্ধারিত মান বজায় রাখতে হবে। সভাপতির বক্তব্যে বিএসটিআই মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ার বলেন, মানসম্পন্ন পণ্য এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে মাঠ পর্যায়ে বিএসটিআইর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ১০টি আঞ্চলিক ও ৪১টি নতুন জেলা কার্যালয় স্থাপন, পণ্য পরীক্ষার জন্য আন্তর্জাতিকমানের নতুন নতুন ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে।