জামালপুরের ইসলামপুর ধর্মকুড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলার গুদামঘর ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ইসলামপুর পৌর এলাকার ধর্মকুড়া বাজারের রুহুল আমীন মার্কেটের ভাড়াটিয়া জয়নাল আবেদীনের লেপ-তোষক তৈরির দোকানে সন্ধ্যায় হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অতি অল্প সময়ের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে।
খবর পেয়ে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও জামালপুর সদর থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। দীর্ঘ দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে দোকানটির তুলা, লেপ-তোষক, আনুষঙ্গিক মালামাল, মেশিনপত্রসহ ১০ লক্ষাধিক টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুনঃ জামালপুরের মেলান্দহে কবর খুড়ে ১০টি কঙ্কাল চুরি
ইসলামপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আব্দুল গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কি কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্তের পর বলা সম্ভব হবে।’
ইত্তেফাক/নূহু