পেঁয়াজ-চিনির দাম নিয়ন্ত্রণে শুল্ক কমাল এনবিআর

পেঁয়াজ ও চিনির দাম নিয়ন্ত্রণে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে। চিনির নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত দুইটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। উল্লেখ্য, গত ১১ অক্টোবর পেঁয়াজের শুল্ক প্রত্যাহার, অপরিশোধিত সয়াবিন তেল, পাম তেল ও চিনির শুল্ক কমাতে এনবিআরকে অনুরোধ জানায় বাণিজ্য মন্ত্রণালয়। ঐ দিন দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে নিত্যপণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে আয়োজিত সভায় এ অনুরোধ জানানো হয়। এর পর তিন দিনের মাথায় গতকাল পেঁয়াজ ও চিনি আমদানির শুল্ক কমানো হলো। গতকাল ১৪ অক্টোবর থেকেই নতুন শুল্কহার কার্যকর হয়েছে। চিনির নতুন শুল্কহার কার্যকর থাকবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে পেঁয়াজের নতুন শুল্কহার কার্যকর থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।