ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোতে বারইখালী খাল পারাপার

মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো দিয়ে বারইখালী খাল পারাপার হচ্ছে হোগলপাতি ও গোয়ালবাড়িয়া গ্রামের বাসিন্দা। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামবাসী ও শিক্ষার্থীদের। গোয়ালবাড়িয়া মাদ্রাসার সুপার আব্দুল লতিফ শেখ, সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম লিটন, খাদিজা খাতুনসহ একাধিক ব্যক্তি জানান, সংস্কার না হওয়ায় সাঁকোটি নড়বড়ে হয়ে গেছে। ফলে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। উপজেলা প্রকৌশল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক জানান, কাঠের সাঁকোটি পুনর্নির্মাণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন এসেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।