বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

যুক্তরাজ্যের নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘এইচএমএস কেন্ট’ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছায়। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এস এম মঈন উদ্দীন জাহাজের অধিনায়ককে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডিফেন্স অ্যাডভাইজারসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজের অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডিফেন্স অ্যাডভাইজার, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট ও চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। এছাড়া জাহাজটির কর্মকর্তা ও নাবিকগণ বাংলাদেশ নেভাল একাডেমি, বানৌজা শহিদ মোয়াজ্জম, ওয়ার সিমেট্রি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত বিএন আশার আলো স্কুল ও পুনর্বাসন কেন্দ্র এবং চট্টগ্রামস্থ বিভিন্ন দর্শনীয়/ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। এর আগে জাহাজটি বাংলদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা আবু বকর তাদের স্বাগত জানায়। ৩২ জন কর্মকর্তা, ১৮৭ জন নাবিক ও ৩ জন বেসামরিক সদস্যসহ ‘এইচএমএস কেন্ট’ এর অধিনায়ক হিসেবে আছেন কমান্ডার এম জে (ম্যাট) সিকেস আরএন। —আইএসপিআর